দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরে স্বামীর শাবলের আঘাতে কুলসুম আক্তার মিমি (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) ভোর পৌনে ৪টার দিকে পৌর শহরের স্বজনপুকুর বুন্দিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী মানিক হোসেনকে (৩৫) আটক করেছে পুলিশ।

নিহত কুলসুম আক্তার মিমি ওই এলাকার মৃত আব্দুল কাশেমের মেয়ে। অভিযুক্ত মানিক হোসেন পূর্ব গৌরীপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। বিয়ের পর থেকে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তাঁদের তিন ছেলে রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মানিক হোসেন শাবল দিয়ে কুলসুমকে আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। সন্তানের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে মানিককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় নিহতের মা মেহেরুন নেছা বাদী হয়ে জামাতা মানিক হোসেনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহতের বড় ছেলে আলা-আমিন বলেন, ‘আমাদের চোখের সামনে মাকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সর্বোচ্চ শাস্তি চাই।’

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে।