বৃষ্টি মাথায় নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বৃষ্টি উপেক্ষা করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অবস্থান নেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

শনিবার (১১ জুলাই) দুপুরে থেমে থেমে বৃষ্টি হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রদলের নেতাকর্মীরা মেডিকেল কলেজের প্রধান ফটক ও আশপাশের এলাকায় অবস্থান নেন। প্রধানমন্ত্রীর গাড়িবহর বের হওয়ার সময় স্লোগান ও শুভেচ্ছা জানিয়ে তাকে বিদায় জানান।

নেতাকর্মীরা বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে তারা প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়েছেন, আর অনুষ্ঠান শেষে একইভাবে বিদায় জানাতে অপেক্ষা করছেন।

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেন, প্রবল বৃষ্টি আমাদের নেতাকর্মীদের উৎসাহে কোনো ভাটা ফেলতে পারেনি। সকাল থেকে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়েছি, এখন অনুষ্ঠান শেষে একই আন্তরিকতা ও শ্রদ্ধার সঙ্গে তাকে বিদায় জানিয়েছি।

আরও পড়ুন

সার্বক্ষণিক নির্ভরতার জায়গা হলো ঢাকা মেডিকেল: প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন উপলক্ষ। বৃষ্টি উপেক্ষা করেও নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান জানাতে অবস্থান নিয়েছেন। তিনি ক্যাম্পাস ত্যাগ করার সময়ও তারা স্লোগানের মাধ্যমে তাকে বিদায় জানান।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন।

 ইএআর/এমআইএইচএস