ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশ থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর এবং মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, সকাল পৌনে ১০টার দিকে স্টাফদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই যুবক পড়ে আছে। পরে পুলিশ ক্যাম্পে খবর দিলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
তিনি জানান, নিহত যুবক মাদকাসক্ত ও ভবঘুরে প্রকৃতির ছিলেন। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয় সনাক্ত করা যাবে ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএনআর








