সুনামগঞ্জের ধর্মপাশায় চুনাই নদীতে গোসল করতে নেমে ফজলুল হক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ওই গ্রামেরই বাসিন্দা।স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর একটার দিকে বাড়ির পাশে চুনাই নদীতে গোসল করতে যান ফজলুল হক। ঘাটে বসে একটি গামলা (তাগারী) দিয়ে পানি তুলে গোসল করার সময় সেটি হঠাৎ হাত থেকে ছুটে নদীতে ভেসে যায়। গামলাটি ধরতে নদীতে নামার পরপরই তিনি গভীর পানিতে ডুবে নিখোঁজ হন। নদীর পাড়ে থাকা দুই শিশু বিষয়টি দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। পরে গ্রামবাসী প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে।সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান মো. সোহেল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গামলা উদ্ধার করতে গিয়ে বৃদ্ধ ফজলুল হক নিখোঁজ হন। দীর্ঘক্ষণ চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।