নওগাঁর রাণীনগরে অবৈধভাবে পুকুর খননের সময় ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে শিশু রবিউলের (৫) মৃত্যুর ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৫ জুলাই) রাতে নিহত শিশুর বাবা ময়নুল হক বাদী হয়ে রাণীনগর থানায় এই ‘অবহলাজনিত নরহত্যা’ মামলাটি করেন। ঘটনার পর পুলিশ খননকাজে ব্যবহৃত ভেকু (এস্কেভেটর) মেশিনটি জব্দ করলেও অভিযুক্তরা সবাই পলাতক রয়েছেন।এর আগে গত রোববার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে মারা যায় শিশু রবিউল। সে ওই গ্রামের ময়নুল হকের একমাত্র সন্তান ছিল। সোমবার (৬ জুলাই) সকালে ময়নাতদন্ত শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রামের প্রভাবশালী একটি চক্র ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন করছিল। খননের সময় ভেকু মেশিনের বাকেট লেগে বিদ্যুতের মেইন লাইনের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। গ্রামবাসী তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে তারটি মেরামতের দাবি জানালেও খননকারীরা তাতে গুরুত্ব দেননি। ওই অবস্থাতেই কাজ চালিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর খেলতে গিয়ে শিশু রবিউল ওই তারে স্পৃষ্ট হয়ে প্রাণ হারায়।ছেলের অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা ময়নুল হক। তিনি বলেন, ‘বারবার বলার পরও ওরা তার সরায়নি। ওদের অবহেলায় আমার একমাত্র বুকের ধন কেড়ে নিয়েছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।’রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, মামলার আসামিদের মধ্যে পুকুর মালিক, খননকারী সিন্ডিকেটের সদস্য ও ভেকু চালক রয়েছেন। ঘটনার পর থেকেই তারা গা ঢাকা দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত হিসেবে ভেকু মেশিনটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অপরাধ
রাণীনগরে অবহেলায় শিশুর মৃত্যু, ৯ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন







