কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের ডিগ্রির চর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ সোমবার (৬ জুলাই) সকালে কুষ্টিয়া-৪৭ বিজিবির উদয়নগর বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৮৪ /২-এস-সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালায়। দুপুর আড়াইটার দিকে বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, অস্ত্র ও গোলাবারুদ মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এগুলো দৌলতপুর থানায় হস্তান্তর ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
কুষ্টিয়া বিজিবির-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








