নোয়াখালীর বেগমগঞ্জে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (২১) নামের এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন পরীক্ষার্থীসহ মোট চারজন আহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদ্রাসা থেকে এবার আলিম পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাইন উদ্দিনসহ কয়েকজন পরীক্ষার্থী আজ সকালে বেগমগঞ্জের মীরওয়ারিশপুর ইউনিয়নের রাশেদিয়া ফাযিল মাদ্রাসা কেন্দ্রে আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা শেষে দুপুরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে আমিন বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিনকে মৃত ঘোষণা করেন।এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অন্য পরীক্ষার্থী ও স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। তারা প্রায় দুই ঘণ্টা লক্ষ্মীপুর-চৌরাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। আহতদের মধ্যে আরও এক পরীক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনতা চালকসহ কাভার্ডভ্যানটি আটক করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরাধ
কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন







