মাদারীপুর সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তারের পর হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা। সোমবার (৬ জুলাই) সন্ধ্যার পর এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যায় সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ এলাকায় অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তারের কিছুক্ষণ পরই পারভেজের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে সেই সুযোগে পারভেজকে নিয়ে পালিয়ে যায় তার সহযোগীরা।নাম প্রকাশ না করার শর্তে এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের জন্য তাকে একটি পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পরই ওত পেতে থাকা তার সহযোগীরা মুহুর্মুহু হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে তাকে ছিনিয়ে নেয়।মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নঈম বলেন, ‘পারভেজ একজন চিহ্নিত মাদক কারবারি। তাকে গ্রেপ্তারের পর তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে অনেকগুলো হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় সুযোগ বুঝে পারভেজ পালিয়ে যান। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।’ওসি আরও জানান, পারভেজকে পুনরায় গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।