অবসরে যাওয়ার ৯ দিন পর দেওয়া এক কর্মকর্তার যুগ্মসচিব পদে পদোন্নতির আদেশ শেষ পর্যন্ত বাতিল করেছে সরকার। শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে পদোন্নতির আদেশ প্রত্যাহার করে। প্রজ্ঞাপনে বলা হয়, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. মাইনুল হক ভূঁইয়াকে ৯ জুলাই যুগ্মসচিব পদে পদোন্নতি দেওয়ার আদেশ বাতিল করা হলো।’
সূত্র জানায়, মো. মাইনুল হক ভূঁইয়া ৩০ জুন চাকরি থেকে অবসরে যান। তবে এর ৯ দিন পর, ৯ জুলাই তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। বিষয়টি নিয়ে প্রশাসনে আলোচনা-সমালোচনার মধ্যে শনিবার সেই পদোন্নতি বাতিল করা হয়।
সংশ্লিষ্টরা জানান, অবসরে যাওয়া একজন কর্মকর্তার নামে পদোন্নতির প্রজ্ঞাপন জারি হওয়াটি প্রশাসনিক ভুলের কারণে হয়েছে। বিষয়টি নজরে আসার পর তা সংশোধনের উদ্যোগ নেওয়া হয় এবং নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।








