মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেলের নিচে বোমাসদৃশ দুটি পরিত্যক্ত বস্তু পাওয়ার খবরে জনমনে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তল্লাশি চালিয়ে মিরপুরে ব্যাগ থেকে পান, সুপারি ও জর্দার কৌটা এবং ফার্মগেট থেকে পরিত্যক্ত বস্তা পেয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, আজ মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনে বোমাসদৃশ বস্তু রয়েছে- এমন সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সন্দেহজনক ব্যাগটি এক্স-রে পরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণ করলে এর ভেতরে কৌটাসদৃশ একটি ইমেজ দেখা যায়। পরবর্তীতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে নিরাপদে বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হয়। 

আরো পড়ুন: মিরপুর ও ফার্মগেট মেট্রো রেলের নিচে ‘বোমাসদৃশ বস্তু’

ব্যাগটি পরীক্ষা করে দেখা যায়, এর ভেতরে জর্দার একটি কৌটা ও পান ছিল। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।

অপরদিকে, তেজগাঁও থানার এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে কেন্দ্র করে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরে কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ সর্বদা নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।