ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে জোবায়েদ (৮) ও শামিম (৫) নামের দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বড় ভাইও পানিতে তলিয়ে যায়। শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার বালিপাড়া ইউনিয়নের পাটুলী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত জোবায়েদ ও শামিম ওই গ্রামের রিপন মিয়ার ছেলে। দুই সন্তানের এমন অকালমৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরার পর দুই ভাই শরীরের কাদা ধুতে পানিতে নামে। এ সময় ছোট ভাই শামিম হঠাৎ গভীর পানিতে তলিয়ে যেতে শুরু করে। তাকে উদ্ধার করতে বড় ভাই জোবায়েদ তাৎক্ষণিকভাবে পানিতে ঝাঁপ দেয়, কিন্তু সেও পানির নিচে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড়ে এসে সন্তানদের মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার শুরু করেন তাদের মা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাকিব বলেন, শিশু দুটিকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছিল।৩১ জুলাই মাগরিবের নামাজের পর পাটুলী মধ্যপাড়া জামে মসজিদে জানাজা শেষে দুই ভাইকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
অপরাধ
ত্রিশালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেয়ার করুন






