কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে ২০টি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে কুড়িগ্রাম গ্রান্ড অ্যাসেম্বলি হলে আয়োজিত এক কর্মশালায় এই অঙ্গীকার করেন সংগঠনগুলোর প্রতিনিধিরা।ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), কুড়িগ্রামের ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এই কর্মশালার আয়োজন করে।কর্মশালায় গ্রিনভয়েস, দুর্বার যুব সংগঠন, ইয়ুথ কেয়ার, বাঁধন, ইয়ুথ ফর পলিসি, রোভার স্কাউট, প্রথম আলো বন্ধুসভা, দিশারি পাঠাগার, ভিবিডি, সমন্বয় পরিবার, হিজিবিজি, ইয়ুথ গ্লোবাল, কালের কণ্ঠ শুভসংঘ, বেলগাছা যুব সংগঠন, দিশারি শিশু ফোরাম, বিএনসিসি, মেঠোজন ও সমকাল সুহৃদসহ ২০টি সংগঠনের ৪০ জন প্রতিনিধি অংশ নেন।সনাক কুড়িগ্রামের সভাপতি রওশন আরা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সনাকের সহসভাপতি ফজলে এলাহী স্বপন, সদস্য আহসান হাবীব নীলু, প্রতিমা চৌধুরী এবং টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের ডেপুটি কো-অর্ডিনেটর মো. হোজ্জাতুল ইসলাম।বক্তারা বলেন, দুর্নীতি থাকলে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণরাই আগামীর নেতৃত্ব দেবে, তাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তাঁদের আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।কর্মশালা শেষে অংশগ্রহণকারী তরুণ সংগঠনের নেতারা নিজ নিজ অবস্থান থেকে প্রাতিষ্ঠানিক সুশাসন বাস্তবায়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন এবং দুর্নীতি প্রতিরোধে যৌথ শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট বিভাগের কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান।