কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের কনটেন্ট বা ‘এআই স্লপ’ তরুণ দর্শকরা দ্রুত প্রত্যাখ্যান করছেন বলে মন্তব্য করেছেন অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান। সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার জীবনে কোনো প্রযুক্তিগত অগ্রগতিকে এত দ্রুত ও ব্যাপকভাবে প্রত্যাখ্যাত হতে দেখেননি। নোলান তরুণ নির্মাতা কারি বার্কার ও কেইন পারসন্সের প্রশংসা করে বলেন, তাদের নির্মিত হরর সিনেমা ‘অবসেশন’ ও ‘ব্যাকরুমস’ প্রমাণ করেছে যে, নতুন প্রজন্ম এখনো মৌলিক ও চিন্তাশীল গল্পের প্রতি আগ্রহী। মাত্র ৭ লাখ ৫০ হাজার ডলার বাজেটে নির্মিত ‘অবসেশন’ বিশ্বব্যাপী ৪ কোটি ডলারের বেশি আয় করেছে। অন্যদিকে ‘ব্যাকরুমস’ আয় করেছে ৩৫ কোটি ডলারের বেশি। তরুণ দর্শকদের মনোযোগ কমে গেছে, এমন ধারণাও নাকচ করেছেন নোলান। তার মতে, রহস্যময় ও ভাবনাপ্রবণ সিনেমার প্রতিও তারা সমানভাবে আগ্রহী। তিনি বলেন, বাস্তব লোকেশন, বাস্তব অভিনয় ও মানবিক গল্প বলার প্রতি দর্শকদের আগ্রহ আবার বাড়ছে। বর্তমানে নোলান তার নতুন সিনেমা ‘দ্য ওডিসি’র কাজ নিয়ে ব্যস্ত, যেখানে অভিনয় করেছেন ম্যাট ডেমন, টম হল্যান্ড, জেনডায়াসহ একঝাঁক তারকা।






