বর্ষাকালে চুল ধোয়ার পর সেটি শুকানো অনেকের কাছেই বড় ঝামেলা। আর্দ্র আবহাওয়ায় স্বাভাবিকভাবে চুল শুকাতে বেশি সময় লাগে। তাই অনেকেই বাধ্য হয়ে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। তবে অতিরিক্ত তাপ যেমন চুল ও স্ক্যাল্পের ক্ষতি করতে পারে, তেমনি দীর্ঘ সময় চুল ভেজা থাকাও ভালো নয়।

অনেকে মনে করেন, প্রাকৃতিক বাতাসে চুল শুকানোই সবচেয়ে নিরাপদ। আবার কেউ কেউ মনে করেন, ভেজা চুল নিয়ে বাইরে বের হলে ধুলো-ময়লা জমে স্ক্যাল্পের সমস্যা হতে পারে এবং চুল জটও বেঁধে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, চুল শুকানোর ক্ষেত্রে শুধুমাত্র এয়ার ড্রাই বা শুধুমাত্র ব্লো ড্রাই-কোনোটিকেই সম্পূর্ণ নিরাপদ বলা যায় না। বরং দুই পদ্ধতির সঠিক সমন্বয়ই সবচেয়ে কার্যকর।

আরও পড়ুন

নরওয়ের ভাইকিংদের মতো ত্বক-চুল চান? জানুন রহস্য

এয়ার ড্রাইয়ের সুবিধা ও সীমাবদ্ধতা

তাপের ব্যবহার না থাকায় অনেকেই খোলা হাওয়ায় চুল শুকাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিন্তু দীর্ঘ সময় চুল ভেজা থাকলে সমস্যাও দেখা দিতে পারে। এ সময় চুলের ভেতরের কর্টেক্স স্তর পানি শোষণ করে ফুলে ওঠে। ফলে ‘সেল মেমব্রেন কমপ্লেক্স’ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। দীর্ঘক্ষণ আর্দ্র থাকার কারণে চুলের স্থিতিস্থাপকতা কমে যায় এবং মাঝখান থেকে ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে।

ব্লো ড্রাইয়ের সুবিধা ও সতর্কতা

হেয়ার ড্রায়ার খুব দ্রুত চুল শুকিয়ে দেয়, তবে ভুলভাবে ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা থাকে। অতিরিক্ত গরম বাতাস চুলের বাইরের সুরক্ষামূলক স্তর বা কিউটিকল ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে চুল শুষ্ক, রুক্ষ এবং জট বাঁধার প্রবণতা বাড়ে। একই সঙ্গে ড্রায়ার স্ক্যাল্পের খুব কাছে ধরে ব্যবহার করলে মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে খুশকি ও চুলকানির সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন

বর্ষাকালে চুল ঝরা ঠেকাবে যেসব খাবার

কীভাবে চুল শুকানো সবচেয়ে ভালো?

গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্যকরভাবে চুল শুকানোর জন্য প্রাকৃতিক বাতাস ও ব্লো ড্রাই-এই দুই পদ্ধতির সমন্বয় সবচেয়ে উপযোগী।

প্রথমে অতিরিক্ত পানি সরিয়ে ফেলুন: শ্যাম্পুর পর সঙ্গে সঙ্গে ড্রায়ার ব্যবহার না করে একটি নরম মাইক্রোফাইবার তোয়ালে দিয়ে আলতোভাবে চুল চেপে অতিরিক্ত পানি শুষে নিন। তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না, এতে চুলের ক্ষতি হতে পারে।

কিছু সময় প্রাকৃতিক বাতাসে রাখুন: চুলকে ১০ থেকে ১৫ মিনিট ফ্যানের বাতাস বা স্বাভাবিক পরিবেশে শুকাতে দিন, যেন এটি স্যাঁতসেঁতে অবস্থায় চলে আসে।

এরপর ড্রায়ার ব্যবহার করুন: চুল প্রায় ৭০ শতাংশ শুকিয়ে গেলে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন। ড্রায়ারের তাপমাত্রা ‘কুল’ অথবা ‘লো-হিট’ মোডে রাখাই ভালো।

আরও পড়ুন

বর্ষায় ত্বকের যত্নে ভুল করছেন না তো?

নিরাপদ দূরত্ব বজায় রাখুন: ড্রায়ার ব্যবহার করার সময় স্ক্যাল্প থেকে অন্তত ১৫ সেন্টিমিটার (প্রায় ৬ ইঞ্চি) দূরত্ব বজায় রাখুন। একই জায়গায় দীর্ঘক্ষণ গরম বাতাস লাগানো থেকে বিরত থাকুন।

সঠিক নিয়ম মেনে এয়ার ড্রাই ও ব্লো ড্রাইয়ের সমন্বিত ব্যবহার করলে বর্ষাকালেও চুল ও স্ক্যাল্পের অপ্রয়োজনীয় ক্ষতি অনেকটাই কমানো সম্ভব।

জেএস/