এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে। এ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর খাতা মূল্যায়নে গুরুত্ব দেওয়া হবে। যারা খাতা মূল্যায়ন করবেন, তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তারপরও যা-তা করে খাতা দেখে নম্বর দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‌‌আমরা প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে যেমন সচেতন আছি, তেমনি খাতা দেখার ক্ষেত্রেও কঠোর অবস্থানে আছি। অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পর উত্তরপত্র মূল্যায়নে ট্রেনিং দেওয়া হবে। আবার একজন শিক্ষক আগে যেমন অনেক উত্তরপত্র মূল্যায়ন করতেন বা খাতা দেখতেন; সেটা কম দেওয়ার ব্যবস্থা রেখেছি।

মন্ত্রী বলেন, আগে খাতা পুনর্মূল্যায়নে শুধু নম্বর গোনা হতো; এখন তা হবে না। প্রকৃতপক্ষেই পুনর্মূল্যায়ন হবে। একজন খাতা দেখে গেলেন, নম্বর দিয়ে গেলেন; আর কেউ দেখলো না, এটা হবে না। পুনর্মূল্যায়ন হবে এবং যা-তা করে খাতা দেখে নম্বর দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ডিজিটাল যুগে এখন প্রশ্নপত্র হ্যাকিং হচ্ছে। এবার তো ব্রিটিশ কাউন্সিলের প্রশ্নপত্রও ফাঁস হয়েছে। কিন্তু আমাদেরটা হয়নি। আমরা প্রশ্নফাঁসের ক্ষেত্রে আমাদের যে দুর্বলতা তা কমানোর চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা সবকিছু পরীক্ষা করেছি, সবকিছু কতটা নিয়ন্ত্রণ করা যায়। আমরা আইন কড়াকড়ি করছি। তিন সেট প্রশ্ন করেছি। প্রশ্নপত্র ফাঁসসহ কিছু হলে সেক্ষেত্রে ব্যবস্থা আছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএএইচ/এমআইএইচএস