গৌরবময় পহেলা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। একইসঙ্গে মানবিক, গণতান্ত্রিক ও জ্ঞানভিত্তিক আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মল্লিক ওয়াসি উদ্দিন তামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শুভেচ্ছা বার্তা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫ বছরের পথচলায় ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক ও অধিকারভিত্তিক আন্দোলনের অন্যতম সূতিকাগার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাশাপাশি এখনো শিক্ষার্থীদের শতভাগ আবাসন, সুষম ও স্বাস্থ্যসম্মত খাদ্য, আধুনিক শিক্ষাক্রম, গবেষণার অনুকূল পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা সম্ভব হয়নি। একইসঙ্গে, ক্যাম্পাসে উদার গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার পরিবেশ আরো সুদৃঢ় করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশ পরিচালনা, রাষ্ট্রগঠন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানবিক, গণতান্ত্রিক ও জ্ঞানভিত্তিক আদর্শ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।” একইসঙ্গে দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আরো শক্তিশালী করার আহ্বান জানান তারা।







