২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাকে সর্বোচ্চ অগ্রাধিকার, দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর বলেন, জুলাইয়ে শহীদ ও পঙ্গুত্ববরণকারীদের ঘটনায় করা মামলাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। যেকোনো মূল্যে নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত সম্পন্ন করার চেষ্টা চলছে। আমরা আশা করছি যে, আগামী এক বছরের মধ্যে জুলাই সম্পর্কিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার তদন্ত শেষ করবো। একইসঙ্গে অভিযুক্তদের বিচারের মুখোমুখি করা হবে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ের প্রেস কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর এমন কথা বলেন।
তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ, আহত এবং স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে। তদন্ত কর্মকর্তারা নির্ধারিত সময়সীমার মধ্যে সব তথ্য-প্রমাণ সংগ্রহ, সাক্ষ্য গ্রহণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ করছেন।
মো. আমিনুল ইসলাম বলেন, আমরা সর্বোচ্চ আন্তরিকতা ও গুরুত্ব দিয়ে তদন্ত পরিচালনা করছি। আশা করছি, আগামী এক বছরের মধ্যে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত সব মামলার তদন্ত সম্পন্ন করতে পারবো। এরপর অভিযুক্তদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, এসব মামলার তদন্তে নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে। তদন্তে কোনো ধরনের রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব যেন না পড়ে, সে বিষয়েও প্রসিকিউশন সতর্ক রয়েছে।
এদিকে, একই দিনে জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।
স্মারকলিপিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির পাশাপাশি তদন্ত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদলটি বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, গতি এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করে।
স্মারকলিপি গ্রহণের পর চিফ প্রসিকিউটর মামলাগুলোর বর্তমান অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি জানান, তদন্ত কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে চলছে এবং প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
এ সময় তিনি প্রতিনিধিদলকে আশ্বস্ত করে বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করা হবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই দায়মুক্তি দেওয়া হবে না এবং তদন্ত শেষে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে।
এফএইচ/এসএনআর








