রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত প্লেটে কুকুরের উচ্ছিষ্ট খাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই ঘটনা ঘটে।ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্যাফেটেরিয়ায় ব্যবহৃত প্লেট ও থালাবাসন ধোয়ার স্থানের বাইরে খোলা জায়গায় রাখা হয়েছে। সেখানে দুটি কুকুর প্লেটে লেগে থাকা খাবারের উচ্ছিষ্ট চেটে খাচ্ছে। এ সময় উপস্থিত কয়েকজন শিক্ষার্থী ঘটনাটি ভিডিও করেন।শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাফেটেরিয়ার পরিবেশ দীর্ঘদিন ধরেই অস্বাস্থ্যকর। ব্যবহৃত থালাবাসন যেখানে-সেখানে ফেলে রাখা হয়, ফলে কুকুরসহ বিভিন্ন প্রাণী সেগুলোতে মুখ দেয়। এসব প্লেট পরবর্তীতে যথাযথভাবে জীবাণুমুক্ত করা হয় কি না, তা নিয়ে তারা সন্দিহান। সাকিব নামে এক শিক্ষার্থী বলেন, "কুকুরের মুখ দেওয়া প্লেটে খাবার খাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বড় কোনো রোগ ছড়ালে এর দায় কে নেবে?"ক্যাফেটেরিয়ার এজেন্ট আনিসুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "বৃহস্পতিবার বিকেলে প্লেটগুলো বাইরে রাখা হয়েছিল। পরে শিক্ষার্থীদের উপস্থিতিতে সব প্লেট গরম পানি দিয়ে পুনরায় পরিষ্কার করা হয়েছে।"এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার বলেন, কুকুর যদি কোনো সংক্রামক রোগে আক্রান্ত থাকে, তবে সেই জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পেটের সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।এদিকে, অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে ক্যাফেটেরিয়ার পরিচালক চার্লস ডারউইনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের দাবি, পরিচালক নিয়মিত অফিসে আসেন না এবং প্রয়োজনে ফোনেও তাকে পাওয়া যায় না। এ বিষয়ে কথা বলতে পরিচালকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, "পরিচ্ছন্নতার বিষয়ে কোনো আপস করা হবে না। আমি ও উপাচার্য ক্যাফেটেরিয়া পরিদর্শন করেছি। পরিবেশ উন্নত করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তবে পরিচালনায় পরিবর্তন আনা হবে।" পরিচালকের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।/