মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ২৭১ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ভর্তি হয়েছেন বেশি। তবে এ সময়ে নতুন করে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১০২ জন (ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনে ৩০, ঢাকা উত্তর করপোরেশনে ২৭, মহানগরের বাইরে ৪৫ জন), চট্টগ্রাম বিভাগে ৩০, খুলনা বিভাগে ৬৩, রাজশাহী বিভাগে ৪, বরিশাল বিভাগে ৬৩ ও ময়মনসিংহ বিভাগে ৭, সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪০৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৫ জুলাই সকাল পর্যন্ত দেশে মোট ৬ হাজার ৮৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে জুনে। এ মাসে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯০৭ জন। জুলাইয়ে আক্রান্ত হয়েছেন ৭৬৪ জন। তাদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ এবং ৩৮ শতাংশ নারী আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ ও ৪৭ দশমিক ৪ শতাংশ নারী। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে।

দেশে গত বছরের (২০২৫) ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৩ জনের।