গাইবান্ধার পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামী সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ এই আদেশ জারি করা হয়। বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
আদেশে আরও উল্লেখ করা হয়, পলাশবাড়ী সদর শহরের চারমাথা থেকে ৫০০ মিটার এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, কোনো ধরনের অস্ত্র, লাঠি বা আগ্নেয়াস্ত্র বহন, স্লোগান বা মিছিল, শব্দ যন্ত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হলো।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ জানান, উপজেলার বরিশাল ইউনিয়নের দুটি রাজনেতিক দলের সংঘর্ষকে কেন্দ্র করে পরস্পর বিরোধী অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সোমবার বিকেলে জুনদহ বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদের দুই ভাগনে কাকন ও নিয়নের সঙ্গে বরিশাল ইউনিয়ন ছাত্রশিবিরের কর্মী আল-আমিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ খবর ছড়িয়ে পড়লে দুই দলের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়।
সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত বিএনপি ও জামায়াতের দফায় দফায় এ সংঘর্ষে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডলসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৪টায় পলাশবাড়ী চারমাথা মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় উপজেলা বিএনপি। একই স্থানে জামায়াত সমাবেশের ডাক দেয়।
আনোয়ার আল শামীম/এসআর/এএসএম








