গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। তবে একটি মহল সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করছে। তারা বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকার আহ্বান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। মানুষের বাক্‌স্বাধীনতা ও অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ওই পরিস্থিতির বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। বর্তমান সরকার সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করছে।

আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে দুর্নীতি ও অর্থপাচারের মাধ্যমে রাষ্ট্রের বিপুল সম্পদ বিদেশে পাচার করা হয়েছে। বর্তমান সরকার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকারি দপ্তরসহ সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

মাদক, সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন। এসব অপরাধের কোনো তথ্য থাকলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অথবা প্রয়োজনে সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

এর আগে, সকালে নেছারাবাদে পৌঁছে প্রতিমন্ত্রী উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুন বহুতল ভবনের উদ্বোধন করেন। পরে তিনি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি ও প্রকল্পসংশ্লিষ্টদের দুর্নীতিমুক্ত থেকে গুণগত মান বজায় রেখে উন্নয়নকাজ বাস্তবায়নের নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম/কেএইচকে/জেআইএম