আন্তঃব্যাংকে দাম বাড়ার কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের দাম বেড়েছে। কেনায় দাম বাড়ায় ব্যাংকগুলো মঙ্গলবার গ্রাহকদের কাছে বিক্রিতে দাম বাড়িয়ে দেয়। ফলে এলসির ক্ষেত্রে প্রতি ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৭০ পয়সা দরে বিক্রি হয়। বেশির ভাগ ব্যাংক বিক্রি করেছে ১২৩ টাকা ৬০ পয়সা থেকে ১২৩ টাকা ৬৫ পয়সা দরে। আগে দাম ছিল ১২৩ টাকা ৬০ পয়সা। এর আগে ব্যাংকগুলো এলসিতে সর্বোচ্চ ১২৩ টাকা ৪৫ পয়সা দামে ডলার বিক্রি করত। গড় দাম ছিল ১২৩ টাকা ৩৬ পয়সা। পাশাপাশি নগদ ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৪ টাকা ৯০ পয়সায় উঠেছে। গড় দাম ছিল ১২৪ টাকা ২৯ পয়সা। সদ্যবিদায়ি অর্থবছরের শেষপ্রান্তে এসে বিভিন্ন দায় শোধের চাপ বেড়েছে। যে কারণে ব্যাংকগুলোতে ডলারের চাহিদাও বেড়েছে। এ কারণে দাম বেড়েছে। ডলারের দাম বাড়ার কারণে আমদানি ব্যয়সহ বৈদেশিক ঋণ পরিশোধের দায় বৃদ্ধি পাচ্ছে। এতে ব্যবসা খরচও বেড়ে যাবে।

মঙ্গলবার বেসরকারি খাতের সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনআরবি ব্যাংক, সিটিজেন ব্যাংক এলসির ক্ষেত্রে প্রতি ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৭০ পয়সা দরে ডলার বিক্রি করে। তবে বেশির ভাগ ব্যাংক বিক্রি করে ১২৩ টাকা ৬০ পয়সা থেকে ১২৩ টাকা ৬৫ পয়সা। এর আগে ব্যাংকে এলসিতে ডলারের দাম ছিল সর্বোচ্চ ১২৩ টাকা ৪৫ পয়সা।

সোমবার দীর্ঘদিন পর আন্তঃব্যাংকে ডলারের দাম বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮৫ পয়সায় ওঠে। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১২৩ টাকা ৭৫ পয়সা। মঙ্গলবারও আন্তঃব্যাংকে প্রতি ডলার সর্বোচ্চ ও সর্বনিম্ন ১২৩ টাকা ৮৫ পয়সা দরে বিক্রি হয়। আন্তঃব্যাংকে বাড়ার কারণে এদিন প্রায় সব ব্যাংকই গ্রাহকদের কাছে বিক্রিতে দাম বাড়িয়ে দেয়।

এদিকে ব্যাংকগুলোতে নগদ ডলারের দামও বেড়েছে। মঙ্গলবার কয়েকটি ব্যাংক নগদ ডলার সর্বোচ্চ ১২৪ টাকা ৯০ দরে বিক্রি করে। এর মধ্যে আল আরাফাহ, কমিউনিটি ব্যাংক ও এনআরবিসি ব্যাংক ওই দামে নগদ ডলার বিক্রি করেছে।