জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা আরো সহজ করতে মাঠ পর্যায় থেকেই সার্ভার কপি দেওয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা বাস্তবায়িত হলে সার্ভার কপি সংগ্রহের জন্য আর নাগরিকদের ঢাকায় নির্বাচন ভবনে আসতে হবে না।
ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানা যায়।
তারা জানান, বর্তমানে ব্যাংক হিসাব খোলা, জমির দলিল নিবন্ধনসহ বিভিন্ন প্রয়োজনে এনআইডির সার্ভার কপি প্রয়োজন হলে নাগরিকদের ঢাকায় নির্বাচন কমিশনের কেন্দ্রীয় কার্যালয় থেকে তা সংগ্রহ করতে হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষকে সময়, অর্থ ও ভোগান্তির মুখে পড়তে হয়।
এই ভোগান্তি কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে সার্ভার কপি সরবরাহের ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ইসি। এ লক্ষ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় অ্যাকসেস দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে চলতি জুন মাসের মাসিক সমন্বয় সভায় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ অনলাইন ফি পরিশোধের মাধ্যমে মাঠ পর্যায় থেকে নাগরিকদের এনআইডির সার্ভার কপি সরবরাহের বিষয়ে প্রস্তাব তৈরি করে সাত কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদের তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লীঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন।








