কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়ি বাড়ি বেকারত্বকে উৎসাহিত করা হচ্ছে।

তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এনসিপি নামের চারাগাছকে বৃক্ষে পরিণত করতে সমর্থন দিন। আমরা প্রতারণা করবো না।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে যশোরের অভয়নগর উপজেলায় জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।

এনসিপির প্রধান সমন্বয়কারী শাহজান কবীরের সভাপতিত্বে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়।

এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‘আমাদের জন্য ভারত নেই, ইংল্যান্ড নেই। আমাদের এত টাকা নেই যে আমরা আমেরিকায় চলে যেতে পারবো। শেষ পর্যন্ত জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। সুতরাং, আমাদের আপনাদের সঙ্গেই থাকতে হবে।’

আরও পড়ুন

মোদীকে সঙ্গে নিয়ে হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন: হাসনাত আবদুল্লাহ

 

তিনি বলেন, ‘দেশের মালিকরা ভোট বিক্রির মাধ্যমে গোলামির শৃঙ্খলে আটকে যায়। সে কারণে পাঁচ বছর ঘানি টানতে হয়। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তা সম্ভব হলে জনপ্রতিনিধিরা পাঁচ বছরের জন্য জনগণের গোলাম হয়ে কাজ করবে।’

বক্তব্যে রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘রাজপথে নারীদের ঢাল হিসেবে ব্যবহার করা হলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে তাদের উপেক্ষা করা হয়। কিন্তু দেশের ৫১ শতাংশ নারী জনগোষ্ঠীকে বাইরে রেখে সুষম রাষ্ট্র গঠন সম্ভব নয়।’

আরও পড়ুন

সংস্কারের দায়িত্ব আমাদেরই নিতে হবে: হাসনাত আবদুল্লাহ

 

পথসভায় বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক ও যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

মিলন রহমান/এসআর