রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে নীলফামারীর জলঢাকা থানা এলাকা থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থী এক তরুণীকে উদ্ধার করেছে র‌্যাব-২। এ ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি মো. রওশন আলী ওরফে আকাশকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) র‌্যাব-২-এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি জানান, গত ৮ জুলাই নীলফামারীর জলঢাকা থানা এলাকা থেকে ওই এসএসসি পরীক্ষার্থী তরুণী অপহৃত হন। এ ঘটনায় তার বাবা আব্দুল রাজ্জাক বাদী হয়ে ১৪ জুলাই জলঢাকা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

jagonews24

মামলার পর র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে, অপহৃত তরুণীকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানের সি ব্লকের একটি বাসায় আটকে রাখা হয়েছে। একই সঙ্গে মামলার প্রধান আসামি রওশন আলী ওরফে আকাশ ঢাকা উদ্যানের হাজী দিল মোহাম্মদ অ্যাভিনিউ এলাকায় অবস্থান করছেন।

পরে র‌্যাব-২-এর একটি দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে তরুণীকে উদ্ধার এবং প্রধান আসামিকে গ্রেফতার করে।

মেজর মুবীন রহমান জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপহরণের সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান চলছে। 

টিটি/এমকেআর