ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। দলের দ্বিতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন রাইট-ব্যাক পেদ্রো পোরো। ম্যাচ শেষে নিজের উচ্ছ্বাস লুকাননি এই স্প্যানিশ ডিফেন্ডার।
পোরো বলেন, ‘এটি সত্যিই স্বপ্ন সত্যি হওয়ার মতো। শুরু থেকে শেষ পর্যন্ত দল অসাধারণ মনোভাব নিয়ে খেলেছে। ফাইনালে ওঠার জন্য যা যা করা দরকার ছিল, আমরা সবই করেছি। আমরা জানতাম ফ্রান্স খুব কঠিন প্রতিপক্ষ, যারা সবকিছু খুব ভালোভাবে করে। এটি কোনো ব্যক্তিগত জয় নয়, এটি পুরো দলের জয়। এমন একটি ম্যাচ উপহার দেওয়ার জন্য আমি পুরো দলকে অভিনন্দন জানাই।’
তিনি জানান, ফ্রান্সের বিপক্ষে বলের দখল ধরে রাখাটাই ছিল স্পেনের মূল পরিকল্পনা। ‘আমরা জানতাম, ফ্রান্সের বিপক্ষে বলের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ফাইনালের আরও কাছে পৌঁছানো যাবে। শেষ দিকে আমি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আর খেলতে পারছিলাম না। তবে আমাদের দলে ২৬ জন খেলোয়াড় আছে, সবাই প্রস্তুত। এখন লক্ষ্য দ্রুত পুনরুদ্ধার করে ফাইনালের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া।’
এই জয়ের মাধ্যমে স্পেন টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে। পাশাপাশি নেশনস লিগ ২০২৫, ইউরো ২০২৪ এবং বিশ্বকাপ ২০২৬- টানা তিনটি বড় টুর্নামেন্টের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে নতুন ইতিহাসও লিখেছে লা রোহা।
এটি স্পেনের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। এর আগে ২০১০ সালে নেদারল্যান্ডসকে অতিরিক্ত সময়ে আন্দ্রেস ইনিয়েস্তার একমাত্র গোলে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার তারা অপেক্ষায় আছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর, যাদের বিপক্ষে তারা শিরোপার লড়াইয়ে নামবে।
আরআর/ আইএইচএস/








