বিশ্বকাপ সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফাইনালের স্বপ্ন শেষ হয়েছে ফ্রান্সের। ম্যাচ শেষে হতাশা প্রকাশ করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। তিনি একদিকে নিজের দলের দুর্বলতা স্বীকার করেছেন।

‘আমাদের খেলোয়াড়রা বিধ্বস্ত। তবে বাস্তবতা মেনে নিতে হবে- প্রযুক্তিগত দিক থেকে আমরা স্পেনের চেয়ে পিছিয়েছিলাম। এটা আমাদেরই দোষ।’

তিনি আরও বলেন, ‘এটাই সর্বোচ্চ পর্যায়ের ফুটবল, তাই হারটা খুব কষ্ট দিচ্ছে। এখন আমাদের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে। তবে এটাও বলতে হবে, এই ম্যাচে স্পেন আমাদের চেয়ে বাড়তি কিছু দেখিয়েছে।’

ম্যাচের বিশ্লেষণে দেশম জানান, ফ্রান্সের সবচেয়ে বড় সমস্যা ছিল বল নিয়ন্ত্রণ ও পাসিংয়ের নির্ভুলতার অভাব।

তার ভাষায়, ‘আমাদের টেকনিক্যাল নিখুঁততা এবং শক্তির ঘাটতি ছিল। স্পেন খুব ভালোভাবে আগাম বল কেটে নেয় এবং দ্রুত পাস দিয়ে আক্রমণ গড়ে তোলে। আমরা আক্রমণে তাদের আরও বেশি সমস্যায় ফেলতে চেয়েছিলাম, কিন্তু তা পারিনি।’

তৃতীয় টানা বিশ্বকাপ ফাইনালে ওঠার সুযোগ হারালেও দলের পুরো আসরের পারফরম্যান্স নিয়ে গর্বিত দেশম।

তিনি বলেন, ‘হতাশা অবশ্যই অনেক বড়। কিন্তু পুরো টুর্নামেন্টে আমরা যা করেছি, তা আমি অস্বীকার করব না। আমরা খুব ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম। একই সঙ্গে স্পেনের কৃতিত্বও দিতে হবে, কারণ তারা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছে।’

এবার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের পরাজিত দলের মুখোমুখি হবে ফ্রান্স। অন্যদিকে স্পেন নিশ্চিত করেছে বিশ্বকাপ ফাইনালের টিকিট।

আরআর/আইএইচএস/