দেশের প্রথম এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) টুর্নামেন্টে ইউএস বাংলা এয়ারলাইন্সকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশি-বিদেশি ১৬টি এয়ারলাইন্স অংশ নেয়।

এছাড়া টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী খেলায় কাতার এয়ারওয়েজকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে এয়ার ইন্ডিয়া। দেশি-বিদেশি এয়ারলাইন্সের কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর ব্যাপক উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি) এ টুর্নামেন্টের আয়োজন করে।

শনিবার (৪ জুলাই) টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার পর পুরস্কার বিতরণ করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।

সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিমান খেলায় চ্যাম্পিয়ন হয়েছে, তারা যেন তাদের কাজে-কর্মেও চ্যাম্পিয়ন হয় সেই প্রতিজ্ঞা সবাইকে করতে হবে। এখানে আজকে আমার আসা স্বার্থক হয়েছে।

jagonews24ছবি: জাগো নিউজ

ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বিমানের খেলোয়ার জাহাঙ্গীর আলম।

এর আগে শুক্রবার (৩ জুলাই) সকালে ঢাকার গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

ছয় জন খেলোয়াড়ের অংশগ্রহণে ছোট মাঠের এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ার এশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই।

এমএমএ/এমএমকে