১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় মিলিটারির ছোড়া গুলি বিদ্ধ হয়েছিল মন্নাস আলীর পেটে। এ কারণে প্রায়ই অসুস্থ থাকলেও অর্থের অভাবে চিকিৎসা করতে পারেননি ঠিকমতো। দীর্ঘ ৫৫ টি বছর পাক বাহিনীর বর্বরতার নজির নিজের শরীরের ভেতর বয়ে বেড়াচ্ছিলেন সত্তুরোর্ধ মন্নাস আলী। অবশেষে স্থানীয় কয়েক তরুণের উৎসাহ আর সহযোগিতায় যেন অভিশাপ মুক্ত হলেন মন্নাস আলী!
আজ শনিবার দুপুরে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মন্নাস আলীর (৭৫) পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি অপসারণ করা হয়। আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে একটি মেডিকেল টিম সম্পূর্ণ বিনামূল্যে প্রায় আধা ঘণ্টাব্যাপী অস্ত্রোপচার চালিয়ে বের করেন গুলি। মন্নাস আলী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের হরিয়াউন্দ গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে দুর্গাপুরে পাকিস্তানি মিলিটারিরা ক্যাম্প স্থাপন করেছিল। সে সময় গাঁওকান্দিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধারা তিনজন পাকিস্তানি মিলিটারিকে হত্যা করে মাটিচাপা দেন। এ ঘটনার প্রতিশোধ নিতে পাক বাহিনী আশপাশের গ্রামগুলোতে গণহারে হত্যাযজ্ঞ চালায়।
এরই অংশ হিসেবে অর্ধশতাধিক মানুষকে ঘরের ভেতরে আটকে রেখে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং নির্বিচারে গুলি চালানো হয়। এতে অনেকেই আগুনে পুড়ে ও গুলিতে নিহত হন। কেউ কেউ প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। মন্নাস আলীও সেদিন পালানোর চেষ্টা করছিলেন। তখন পাকিস্তানি মিলিটারির ছোড়া একটি গুলি তার পেটে বিদ্ধ হয়।
সেই থেকে এই গুলি যেন তার শরীরেরই একটা অংশ হয়ে যায়। দারিদ্র্যের কারণে উন্নত চিকিৎসা করাতে পারেননি। অস্ত্রোপচার করে গুলি বের করার বিষয়ে মনে ভীতিও কাজ করত। এ অবস্থায় শারীরিক অসুস্থতা নিয়ে জীবন পার করছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার কষ্টের বিষয়টি উঠে এলে তা নিয়ে আলোচনা শুরু হয়। পরে স্থানীয় যুবক মোশারফসহ কয়েকজনের উদ্যোগে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মন্নাস আলীর ছেলে আবুল হোসেন বলেন, `আমার বাবা গুলির কারণে বেশির ভাগ সময়ই অসুস্থ থাকতেন। টাকার অভাবে আমরা চিকিৎসা করাতে পারিনি। তাছাড়া বাবাও গুলি বের করা নিয়ে খুব ভয় পেতেন। সবার সহযোগিতায় আজ বাবার শরীর থেকে গুলিটি বের করা হয়েছে। আমরা সবার কাছে দোয়া চাই।'
মন্নাস আলীর পুত্রবধূ হামিদা খাতুন বলেন, `আমার শ্বশুর সব সময় বলতেন, তার শরীরে গুলি রয়ে গেছে। মৃত্যুর পর যেন গুলি বের না করেই তাকে দাফন করা হয়। আজ আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমরা নিজের চোখে সেই গুলিটি দেখলাম।'
দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান জানান, শুক্রবার স্থানীয় মোশারফ নামের এক ব্যক্তি মন্নাস আলীকে হাসপাতালে নিয়ে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে করার পর তার পেটে গুলি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ডা. তানজিরুল ইসলাম রায়হান আরও বলেন, `টাকার অভাবে তিনি এতদিন চিকিৎসা নিতে পারেননি জেনে আমরা সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচারটি করেছি। আজ সফলভাবে গুলিটি অপসারণ করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির বিষয়ে স্থানীয় থানা পুলিশকে অবহিত করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন এবং তাকে আরও তিন-চার দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।'








