জঙ্গলের যূথবদ্ধ জীবন থেকে কবে, কীভাবে শহরের বাসিন্দা হয়ে গেল `বাদশা বাহাদুর', তা কেউ জানে না। কার ফাঁদে আটকা পড়ে, সারাটা জীবন সার্কাসের দলেই কেটে গেল, তা ও অজানা। মানুষকে বিনোদন দিতে দিতে যখন ক্লান্ত আর অসুস্থ হয়ে পড়ল, তখন তার মিলল ছুটি। এখন থেকে ঢাকা জাতীয় চিড়িয়াখানা হবে `বাদশা বাহাদুরের' ঠিকানা।
প্রধানমন্ত্রীর নির্দেশে বগুড়ার মহাস্থান এলাকায় দীর্ঘদিন সার্কাসে ব্যবহৃত ‘বাদশা বাহাদুর’ নামের হাতিটিকে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার রাত ৮টায় মহাস্থানের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে আনুষ্ঠানিকভাবে হাতিটি হস্তান্তর করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
দীর্ঘদিন ধরে বগুড়ার মহাস্থান এলাকায় ‘বাদশা বাহাদুর’কে দিয়ে সার্কাস পরিচালনা করা হচ্ছিল। পর্যাপ্ত খাবার ও যথাযথ পরিচর্যার অভাবে হাতিটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
পরে ঘটনাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে হাতিটির সুস্থতা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে ‘বাদশা বাহাদুর’কে ঢাকা জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে নির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে হাতিটির মালিকের সঙ্গে আলোচনা করা হলে তিনি স্বেচ্ছায় হাতিটিকে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিতে সম্মতি জানান।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, `প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে হাতির মালিক স্বেচ্ছায় একে প্রাণিসম্পদ অধিদপ্তরের জিম্মায় দিয়েছেন। প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে হাতিটি হস্তান্তর করা হলো।'
জিয়াউর রহমান আরও জানান, চিড়িয়াখানায় প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও প্রাকৃতিক পরিবেশে হাতিটি সুস্থ ও নিরাপদ জীবন ফিরে পাবে বলে আশা করা হচ্ছে।








