গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ব্যক্তির ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হিন্দু ধর্মীয় তিনটি সংগঠন। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিরতি রঞ্জন সরকার। লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর পলাশবাড়ী উপজেলার রামচন্দ্রপুর গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো রাধা গোবিন্দ কালী মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আলোচনা ছাড়াই হরিদাস চন্দ্র তরণী দাস নামের এক ব্যক্তি শ্রীরামের মূর্তি নির্মাণ শুরু করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিরোধ দেখা দিলে প্রশাসন উভয় পক্ষকে নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।নেতৃবৃন্দের অভিযোগ, ওই সভায় সনাতন ধর্মীয় নেতাদের দেওয়া বক্তব্যের জের ধরে হরিদাস চন্দ্র তরণী দাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে মানহানিকর ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেন। তার এই আচরণ ওই অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণ হতে পারে বলে মনে করছেন তারা। সংবাদ সম্মেলনে হরিদাসের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে মন্দিরটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি পরিচালনা বোর্ড গঠনের দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।