গজারিয়ায় প্রতিবেশী এক যুবকের ধর্ষণে ১৩ বছর বয়সি এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। এ বিষয়ে স্থানীয় একটি প্রভাবশালীচক্র বিচারের আশ্বাস দিয়ে ওই কিশোরীর গর্ভপাত করানোর জন্য চাপ সৃষ্টি ও ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে ওঠছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপাড় নয়াকান্দি গ্রামে ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাবা হতদরিদ্র। তার মা স্থানীয় এক প্রতিবেশীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। ৭-৮ মাস আগে মায়ের মৃত্যুর পর প্রতিবেশী মহিউদ্দিনের ছেলে সাজিদের সঙ্গে মেয়েটির সম্পর্ক গড়ে ওঠে। বাবা মানসিক ভারসাম্যহীন এবং মা বেঁচে না থাকার সুযোগ নিয়ে সাজিদ একদিন মেয়েটিকে ধর্ষণ করে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে সে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ হয়। একপর্যায়ে পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরীটি জানায়, সে প্রায় দুই মাসের অন্তঃসত্ত্বা। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। ভুক্তভোগী পরিবারটি আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে স্থানীয় কতিপয় মাতবর ও প্রভাবশালী ব্যক্তি তাদের বাধা দেন। তারা আদালতের বাইরে সালিশ বৈঠকেরমাধ্যমে বিচার ও ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখান।

ভুক্তভোগীর বড় ভাই বলেন, এই ঘটনার সঙ্গে সাজিদ জড়িত। আইনি পদক্ষেপ নিতে নিষেধ করায় এতদিন আমরা কিছু করিনি। কিন্তু তাদের ওপর আস্থা রাখতে না পেরে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। এই বিষয়ে গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাব্বির হোসেন বলেন, ভুক্তভোগীর ভাই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।