ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য ও গাজীপুর মহানগরের সহসভাপতি মাওলানা ফজলুর রহমানকে আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকালে গাজীপুর চৌরাস্তাসংলগ্ন সাগর সৈকত কনভেনশন হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নবমনোনীত মহাসচিব, ইসলামী রাজনীতির অন্যতম প্রবীণ নেতা মাওলানা গাজী আতাউর রহমান তার নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন গাজীপুর মহানগরের পক্ষ থেকে নবমনোনীত মহাসচিবকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে কেন্দ্রীয় শূরা সদস্য মনোনীত হওয়ায় মাওলানা ফজলুর রহমানকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। মহানগর সভাপতি মোহাম্মদ ফাইজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।