ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় শুক্রবার বিকালে একটি বিক্ষোভ মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। ওই মিছিলে প্রতিবাদে জয়দেবপুর থানা ঘেরাও করে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। গাজীপুর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়দেবপুর থানার সামনে অবস্থান নেয়। পরে থানার গেট আটকিয়ে বিক্ষোভ ও বক্তব্য দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজেন্দ্রপুরের নান্দুয়ান এলাকায় শুক্রবার জুমার নামাজের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর জেলা শাখার সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন-গাজীপুর জেলা যুবদলের শহীদুল ইসলাম, উপজেলা যুবদলের নাজিম সরকার, এমারত হোসেন, জাহাঙ্গীর সিকদার, আজিজুল সিনহা, ছাত্রদলের মাজহারুল ইসলাম প্রমুখ।








