গণহত্যার অভিযোগে অভিযুক্তদের বিচার ও শাস্তির দাবিতে রংপুরে কফিন মিছিল করেছে জাতীয় ছাত্র শক্তির মহানগর শাখা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নগরীর টাউন হল চত্বর থেকে মিছিলটি বের হয়ে পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড় ঘুরে রংপুর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীদের পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ব্যক্তিরাও অংশ নেন। তাদের হাতে ফাঁসির মঞ্চসম্বলিত শেখ হাসিনার একটি প্রতীকী কুশপুতুলও ছিল।

পরে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন— জাতীয় ছাত্র শক্তির রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি এবং মহানগর কমিটির অন্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। শেখ হাসিনাসহ তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে বিচার সম্পন্ন করতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে। 

বক্তারা বর্তমান বিএনপি সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন। একইসঙ্গে দক্ষিণবঙ্গে বন্যার মাঝেও এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানান তারা।

গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ছাত্র শক্তির রংপুর মহানগর শাখার নেতারা।