গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না। এই আয়না নিখুঁত না হলে সমাজে রাষ্ট্র সম্পর্কে ভুল প্রতিবিম্ব তৈরি হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সংবাদমাধ্যম যত বেশি নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে, নাগরিকরা রাষ্ট্র ও সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে তত স্বচ্ছ ধারণা পাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। শুক্রবার ল’ রিপোর্টার্স ফোরাম-এলআরএফের রজতজয়ন্তী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ, তা বোঝার একটি বড় মানদণ্ড নির্ভর করে ল’ রিপোর্টারদের পেশাগত দায়িত্বশীলতার ওপর। কোনো শক্তিশালী সরকারপ্রধানকেও যখন আদালতের সামনে হাজির হতে হয়, তখন সাংবাদিকদের দায়িত্ব হয়ে পড়ে সেই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ঘটনাকে বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা।

এ সময় বর্তমান সময়ের ডিজিটাল রূপান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করে জহির উদ্দিন বলেন, অ্যানালগ থেকে ডিজিটাল যুগে প্রবেশের ফলে তথ্যের অবাধ প্রবাহ যেমন বেড়েছে, তেমনি নতুন ধরনের জটিলতাও তৈরি হয়েছে।