আলোচনা, গান ও নাচের মধ্য দিয়ে বুলবুল একাডেমি অব ফাইন আর্টসের (বাফা) ছয় যুগপূর্তি উদ্যাপিত হয়েছে। শুক্রবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে সংস্কৃতির বিকাশ ও বাফার অবদানের কথা স্মরণ করেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অতীতের ধারাবাহিকতায় সুন্দর আগামীর প্রত্যাশা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ। বাফা সভাপতি মো. ছাদুল্লাহর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বাফা সম্পাদক ফজলুর রহমান। তিনি সংগঠনের ৭২ বছরের লড়াই ও অর্জনের ইতিহাস তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য দেন উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক নূরুর রহমান পলাশ, সদস্য সচিব সফিকুর রহমান সবুজ প্রমুখ। আলোচনা শেষে বাফার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক সন্ধ্যা। প্রথম পর্বে সফিকুর রহমান সবুজ ও প্রদীপ সরকারের পরিচালনায় ‘দাও ধৈর্য দাও ধৈর্য’ গানের সমবেত গান। এরপর অনিক বোসের পরিচালনায় ‘সুজন ছন্দে আনন্দে’ নাচ। একে একে পরিবেশিত হয় দীনদার হোসেন মোড়লের পরিচালনায় ‘ও মদিনা’ এবং খন্দকার খায়রুজ্জামান কাইয়ুমের পরিচালনায় ‘অন্ধকারের উৎস হতে উৎসারিত আলোর’ শিরোনামের সমবেত গান।