প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে গাড়ি চালিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ডে-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে আসেন। এ সময় তার পাশে ছিলেন সহধর্মিণী ডা. জুবায়দা রহমান।
ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষরোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কলেজ অডিটোরিয়ামে ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।







