হাঁটতে পারেন না, লিখতেও হাতে সমস্যা। তবু শারীরিক নানা প্রতিকূলতা ডিঙিয়ে আফিয়া জিন্নাত (১৭) এইচএসসির পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার প্রথম দিনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় অংশ নেয়। ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে আসেন বাবার মোটর সাইকেল চড়ে আর পরীক্ষা কেন্দ্রে ঢুকেন বাবার কাঁধে চড়ে।
তিনি উপজেলার মাওহা ইউনিয়নের মো. আব্দুল ওয়াদুদ ও মোছা. মুর্শিদা বেগমের কন্যা। গৌরীপুর সরকারি কলেজের মানবিক শাখা থেকে এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। তিনি খলতবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন।
পরীক্ষা হল থেকে হাস্যোজ্জ্বলভাবে বেড়িয়ে আসেন আফিয়া জিন্নাত। তিনি বলেন, জীবনের অনেক ইচ্ছেই আছে। প্রতিবন্ধকতা জয় করে একটা কিছু করব, অবশ্যই একটা কিছু করব।
ঝড়-বৃষ্টি আর তীব্র শীতের কুয়াশাভেদ করে প্রতিদিন হুইল চেয়ারে করে মেয়েকে কলেজ নিয়ে যান তার মা মুর্শিদা বেগম। তিনি বলেন, আমার মেয়ের একদিনও প্রাইভেট এবং কলেজে অনুপস্থিতি ছিল না। ওর ইচ্ছা আছে। আমরাও তার ইচ্ছে পূরণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গৌরীপুর মহিলা কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব আবু সিদ্দিক জানান, নিয়ম অনুযায়ী আমরা এ শিক্ষার্থীর জন্য নিচতলায় আসন বিন্যাস করেছি। বোর্ড কর্তৃক অনুমোদিত অতিরিক্ত সময়ও পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্র পরিদর্শক গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক কবীরুল আলম ও শাহজাহান সিরাজ জানায়, এ শিক্ষার্থীর প্রতি আমাদের নজর ছিল। ভালোভাবেই পরীক্ষা দিয়েছে।







