গৌরীপুরে গোসলে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই বোন। পরশুরামে নদীতে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : ময়মনসিংহের গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নের পশ্চিমপাড়ায় রোববার গোসলের সময় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। নিহত রিয়া মনি (৭) ও হিলমা মনি পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়ার কন্যা। তারা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। জানা গেছে, ওই দুই শিশু পশ্চিমপাড়ার আব্দুল গনির পুকুরে গোসলে গিয়ে নিখোঁজ হয়। পরে গৌরীপুর ও ময়মনসিংহ ফায়ার সার্ভিসে কর্মীরা প্রায় দুই ঘণ্টা তল্লাশি চালিয়ে হিলমা মনির লাশ উদ্ধার করে। এদিকে স্থানীয় লোকজন বড় মেয়ে রিয়া মনিকে তাৎক্ষণিক উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ফেনীর পরশুরামে মুহুরী নদীতে গোসলে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর মোহাম্মদ সাকিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার ফুলগাজীর মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাকিব কুমিল্লার লাঙ্গলকোটের অলিপুর গ্রামের আলী মিয়ার ছেলে। পরিবারসহ তিনি চট্টগ্রামে বসবাস করতেন। সম্প্রতি তিনি পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের জঙ্গলগোনা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন। স্বজনদের বরাতে জানা যায়, শনিবার দুপুরে পশ্চিম অলকা জঙ্গলগোনা এলাকার মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব পানিতে তলিয়ে যান। ময়মনসিংহের ফুলপুরে গর্তে ডুবে লামিয়া আক্তার (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে মধ্য বালিয়া গ্রামের সাইদুল ইসলামের মেয়ে। রোববার বাড়ি থেকে নিখোঁজের পর গর্তের পানিতে তার লাশ পাওয়া যায়।