​বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে জারি করা ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।​বৃহস্পতিবার (১৬ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।​এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী ও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দরসমূহ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।​উদ্ভূত পরিস্থিতির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।​পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।​এর আগে, গতকাল বুধবার (১৫ জুলাই) উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় এই লঘুচাপটি সৃষ্টি হওয়ার পর দেশের সব সমুদ্রবন্দরে প্রথমবার ৩ নম্বর সতর্ক সংকেত জারির নির্দেশনা দেওয়া হয়েছিল।