ঢাকার সাভারে লাইনে লিকেজের কারণে গ্যাস জমে যাওয়া ঘরে কয়েল জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটেছে। এতে পোশাকশ্রমিক এক দম্পতি গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে মজিদপুর দিঘীরপাড়ের মসজিদ বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পরে দগ্ধ দুজনকে উদ্ধার করে রাত ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।

আহত দুজন হলেন মো. কায়সার (২৮) ও তার স্ত্রী মোছা. রুবি আক্তার (২৪)। কায়সার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার রিয়াজউদ্দিন মাতোব্বারপাড়ার মো. সিমান শেখের ছেলে।

আরও পড়ুন

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৩ জনের মধ্যে মামা-ভাগনির মৃত্যু

দুজনকে হাসপাতালে নিয়ে আসা সিমান শেখ জানান, রাতে কয়েল ধরানোর জন্য লাইটার জ্বালাতেই কক্ষে জমে থাকা গ্যাসে আগুন ছড়িয়ে পড়ে। এতে কায়সার ও রুবি দগ্ধ হন।

সিমান শেখ বলেন, ঘরের পাশ দিয়ে যাওয়া মূল গ্যাস লাইনের পাইপে লিকেজ ছিল। বারবার বাসার মালিককে বলার পরও লাইনটি মেরামত করেননি। তাই ঘরে গ্যাস জমে যাওয়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং রুবির শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কেএজেডআইএ/একিউএফ