‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের শকুনি লেকপাড়ের মুক্তমঞ্চ প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে মাদারীপুরের জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে এক উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, তা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। বাজেটের প্রসঙ্গে তিনি বলেন, সরকার জনগণের কল্যাণে বাজেট দিয়েছে এবং বর্তমানে সরকারি ও বিরোধী দল মিলেমিশে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাসুকুর রহমান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শরীফুল আবেদীন কমল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রহিমা খাতুন ও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানের শুরুতে বন ও প্রকৃতি বিষয়ক একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন অতিথিরা। পরে তারা মেলা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।এর আগে সকালে পুরাতন কোর্ট মোড় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শকুনি লেকপাড়ে গিয়ে শেষ হয়। মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা নিয়ে স্টল সাজিয়েছেন উদ্যোক্তারা।/