আর্জেন্টিনার জনপ্রিয় মিষ্টান্নের কথা উঠলে সবার আগে আসে ডুলসে দে লেচে আলফাহোরেস-এর নাম। বাইরে থেকে নরম, মুখে দিলেই গলে যাওয়া দুটি বিস্কুটের মাঝখানে থাকে ঘন ক্যারামেল স্বাদের ডুলসে দে লেচে আর চারপাশে ছড়িয়ে দেওয়া হয় নারকেলের কুঁচি বা চিনি।

ক্যাফে কিংবা বেকারিতে এই সুস্বাদু কুকি কিনে খাওয়ার বদলে খুব সহজেই ঘরে তৈরি করা যায়। অল্প কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই পরিবারের সবাইকে চমকে দিতে পারবেন আর্জেন্টিনার এই বিখ্যাত মিষ্টান্ন দিয়ে।

আরও পড়ুন

ইকুয়েডর জনপ্রিয় খাবার এনসেবোলাডোর রেসিপি

উপকরণ

  • ময়দা ১ কাপ (১২৫ গ্রাম)
  • কর্নস্টার্চ ১ কাপ (১২০ গ্রাম)
  • বেকিং পাউডার ১ চা চামচ
  • বেকিং সোডা আধা চা-চামচ
  • মাখন ১০০ গ্রাম (নরম)
  • চিনি আধা কাপ (১০০ গ্রাম)
  • ডিমের কুসুম ২টি
  • ভ্যানিলা এসেন্স ১ চা–চামচ
  • লেবুর খোসা কুঁচি ১ চা চামচ (ঐচ্ছিক)
  • ডুলসে দে লেচে ১ কাপ (প্রায় ৩০০ গ্রাম)
  • শুকনো কোরানো নারকেল আধা কাপ
  • গুঁড়ো চিনি সামান্য
  • কনডেন্সড মিল্ক ১ ক্যান
আরও পড়ুন

খেলা দেখতে দেখতে উপভোগ করুন মেক্সিকোর টাকোস

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি পাত্রে ময়দা, কর্নস্টার্চ, বেকিং পাউডার এবং বেকিং সোডা ভালোভাবে মিশিয়ে রাখুন। অন্য একটি বাটিতে নরম করা মাখনের সঙ্গে চিনি যোগ করে বিট করুন, যতক্ষণ না মিশ্রণটি হালকা রঙের ও মসৃণ ক্রিমের মতো হয়। এরপর ডিমের কুসুম, ভ্যানিলা এসেন্স এবং কুচি করা লেবুর খোসা দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিন।

এবার অল্প অল্প করে শুকনো উপকরণের মিশ্রণ যোগ করে একটি নরম ডো তৈরি করুন। ডোটি ঢেকে অন্তত ৩০ মিনিট ফ্রিজে রেখে দিন। এরপর ফ্রিজ থেকে বের করে প্রায় আধা সেন্টিমিটার পুরু করে বেলে নিন এবং গোলাকার কুকি কাটার দিয়ে সমান আকারে কেটে নিন।

কাটা ডোগুলো বেকিং ট্রেতে সাজিয়ে আগে থেকে ১৭০ ডিগ্রি সেলসিয়াসে গরম করা ওভেনে ১০ থেকে ১২ মিনিট বেক করুন। বিস্কুটের নিচের অংশ হালকা সোনালি রঙ ধারণ করলে ওভেন থেকে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর একটি বিস্কুটের ওপর ১ থেকে ২ চা-চামচ ডুলসে দে লেচে ছড়িয়ে অন্য একটি বিস্কুট দিয়ে আলতো করে চেপে স্যান্ডউইচের মতো জোড়া লাগান। পাশের বেরিয়ে থাকা পুর কোরানো নারকেলের মধ্যে গড়িয়ে নিন। চাইলে পরিবেশনের আগে ওপরে সামান্য গুঁড়া চিনি ছিটিয়ে দিতে পারেন।

আরও পড়ুন

নেইমারের প্রিয় খাবার রিসোত্তো উপভোগ করুন ঘরে বসেই

গরম চা বা কফির সঙ্গে পরিবেশন করলে এই আর্জেন্টাইন ঐতিহ্যবাহী মিষ্টান্নের স্বাদ আরও উপভোগ্য হয়। নরম, মাখনের সুবাসযুক্ত বিস্কুটের মাঝখানে থাকে মোলায়েম ডুলসে দে লেচের পুর। উল্লেখিত পরিমাণ উপকরণ দিয়ে সাধারণত ১২ থেকে ১৫টি আলফাহোরেস তৈরি করা যায়।

ডুলসে দে লেচে তৈরির পদ্ধতি

ডুলসে দে লেচে বানাতে একটি কনডেন্সড মিল্কের বন্ধ ক্যান একটি গভীর পাত্রে রাখুন। এরপর এমনভাবে পানি ঢালুন, যেন ক্যানটির ওপর অন্তত ২ ইঞ্চি পানি থাকে। পাত্রটি ঢেকে মাঝারি আঁচে পানি ফুটিয়ে নিন। পানি ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে দিন এবং ২ থেকে ৩ ঘণ্টা মৃদু আঁচে সিদ্ধ হতে দিন। এ সময় খেয়াল রাখবেন, ক্যানটি যেন সব সময় পানির নিচে ডুবে থাকে। প্রয়োজন হলে অতিরিক্ত গরম পানি যোগ করুন।

আরও পড়ুন

হ্যারি কেইনের প্রিয় মিষ্টান্ন গিল্টি প্লেজার ঘরেই বানান

সিদ্ধ হওয়ার পর ক্যানটি তুলে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর ক্যান খুললে দেখবেন, ভেতরের কনডেন্সড মিল্ক ঘন, মসৃণ ও সোনালি রঙের সুস্বাদু ডুলসে দে লেচেতে পরিণত হয়েছে।

জেএস/