প্রশ্ন: রুকু-সিজদায় ভুল করে তাসবিহ না পড়লে কি নামাজ নষ্ট হয়ে যাবে বা সাহু সিজদা দিতে হবে? রুকু-সিজদায় কতবার তাসবিহ পড়তে হয়?

উত্তর: নামাজে রুকু ও সিজদায় তাসবিহ পাঠ করা সুন্নত, ওয়াজিব বা ফরজ নয়। তাই রুকু-সিজদায় তাসবিহ পড়তে ভুলে গেলে নামাজ নষ্ট হয় না, সাহু সিজদাও ওয়াজিব হবে না। তবে ইচ্ছাকৃত এই সুন্নত ছেড়ে দেওয়া যাবে না।

নামাজের রুকুর তাসবিহ হলো:

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ

উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আযীম।

অর্থ: আমি আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি।

নামাজের সিজদার তাসবিহ হলো:

سُبْحَانَ رَبِّيَ الْأَعْلَى

উচ্চারণ: সুবহানা রাব্বিয়াল আ’লা।

অর্থ: আমি আমার সুউচ্চ রবের পবিত্রতা বর্ণনা করছি।

আরও পড়ুন

নামাজে বিশ্বনবির সিজদার নিয়ম

রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকু ও সিজদায় এভাবেই তাসবিহ পড়েছেন এবং সাহাবায়ে কেরামকে এভাবেই তাসবিহ পড়তে শিখিয়েছেন। হুযাইফা ইবনুল ইয়ামান (রা.) বলেন, নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রুকুতে ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ ও সেজদায় ‘সুবহানা রাব্বিয়াল আ’লা’ পড়তেন। (মুসনাদে আহমদ: ২৩৩১১)

রুকু-সিজদায় কমপক্ষে তিন তিনবার তাসবিহ পড়া সুন্নত, পাঁচবার বা সাতবারও পড়া যায়। ইচ্ছা করে তিনবারের কম পড়া অনুচিত। 

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যখন আপনাদের কেউ রুকুতে যায়, সে যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আযীম’ পড়ে। এটা তিনবার পড়লে তার রুকু পূর্ণ হবে। আর আপনাদের কেউ যখন সিজদায় যায়, তখন সে যেন তিনবার ‘সুবহানা রাব্বিয়াল আলা’ পড়ে। এটা তিনবার পড়লে তার সিজদা পূর্ণ হবে। তিনবার হলো সর্বনিম্ন সংখ্যা। (সুনানে ইবনে মাজা: ৮৯০)

আরও পড়ুন

সিজদা করার সময় নারীরা যে ভুল করেন

তবে তিনবার তাসবিহ পড়া যেহেতু ফরজ বা ওয়াজিব নয়, তাই তিনবার তাসবিহের কম পড়লেও নামাজ আদায় হয়ে যাবে। রুকু ও সিজদায় কেউ ভুল করে বা ইচ্ছাকৃত একবার বা দুবার তাসবিহ পড়লেও নামাজ বাতিল হবে না বা সাহু সিজদাও ওয়াজিব হবে না।

নামাজে তাড়াহুড়া করা উচিত নয়। রুকু ও সিজদাসহ নামাজের প্রতিটি রোকনে গিয়ে স্থির হওয়া পর্যন্ত অবস্থান করা ফরজ। কেউ যদি তাড়াহুড়া করতে গিয়ে নামাজের রোকনগুলোয় গিয়ে ঠিক মতো স্থীরও না হয়, তাহলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে।

আরও পড়ুন

সিজদায় নাক নাকি কপাল আগে মাটিতে রাখবেন?

ওএফএফ