নানা আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপউপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, বেলুন উড্ডয়ন এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬ উপলক্ষ্যে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। বেলা ১১টায় টেনিস কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। তিনি বলেন, নানা সীমাবদ্ধতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও অ্যাওয়ার্ড চালু, প্রথমবারের মতো ডিনস কমপ্লেক্স প্রতিষ্ঠা, গবেষণাগার সমৃদ্ধকরণ এবং মেডিকেল সেন্টার সংস্কার করা হয়েছে। শিক্ষক সংকট মোকাবিলায় ইতোমধ্যে ২০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং আরও ৪৭ জন নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আপগ্রেডেশন সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলেও তিনি জানান। উপউপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় মানবিকী অনুষদের ডিন সুকান্ত বিশ্বাস, অধ্যাপক ড. মো. শাহজাহান, ড. জিলহাস আহমেদ জুয়েল ও রেজিস্ট্রার মো. এনামউজ্জামান বক্তব্য দেন। দিবসটি উপলক্ষ্যে প্রশাসনিক ভবন ও প্রধান ফটক আলোকসজ্জায় সজ্জিত করা হয়।