‘অন্ধজনে দেহো আলো’। দৃষ্টি শুধু চোখের নয়, হৃদয়েও। ফুটবলের আবেগ যে দৃষ্টির সীমা মানে না, তার অপূর্ব প্রমাণ মিলল এবার। আর্জেন্টিনার ম্যাচে শতবর্ষী এক মেসি-ভক্তের আবেগ ছুঁয়ে গিয়েছিল বিশ্বকে। এবার সেই আবেগের নতুন পর্ব লিখলেন এক বাবা। দৃষ্টিহীন ছেলেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল ‘দেখালেন’ তিনি। হৃদয়স্পর্শী এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায়, এক বাবা বিশেষ ফুটবল বোর্ডের সাহায্যে তার দৃষ্টিহীন ছেলেকে রোনাল্ডোর গোলের প্রতিটি মুহূর্ত বুঝিয়ে দিচ্ছেন। বোর্ডে ছেলের আঙুল রেখে আক্রমণ গড়ে ওঠার প্রতিটি ধাপ তিনি বুঝিয়ে দেওয়ার সময় পাশের টিভিতে চলছিল লাইভ ম্যাচ। বাবার কাছ থেকে রোনাল্ডোর গোল করার ব্যাখ্যা শুনে আনন্দে আত্মহারা শিশুটি। আবেগঘন এই দৃশ্য ফুটবলপ্রেমীদের মন ছুঁয়ে গেছে।
সেই ম্যাচে উজবেকিস্তানকে পাঁচ গোলের মালা পরায় পর্তুগাল। ৪১ বছর বয়সি রোনাল্ডো জোড়া গোল করে আবারও প্রমাণ করেন বয়স শুধুই একটি সংখ্যা মাত্র। প্রথম গোলটি আসে জোয়াও ক্যানসেলোর বক্সের ভেতরে নিচু ক্রস থেকে। নিখুঁত ফিনিশে জালে পাঠান সিআর সেভেন। প্রথমার্ধেই ব্রুনো ফার্নান্দেজের দারুণ থ্রু থেকে কঠিন কোণ থেকে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। জোড়া গোলের সুবাদে একাধিক ঐতিহাসিক রেকর্ড গড়েন রোনাল্ডো। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসাবে ছয়টি বিশ্বকাপে (২০০৬-২০২৬) গোল করেন। পাশাপাশি বিশ্বকাপে পর্তুগালের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিংবদন্তি ইউসেবিওকে ছাড়িয়ে যান তিনি। এসবের মাঝেও ভাইরাল দৃষ্টিহীন খুদে ফ্যানের আবেগঘন ভিডিও। চোখে দেখতে না পারলেও বাবার ছোঁয়ায় সে ‘দেখে’ ফেলল প্রিয় তারকার গোল।




