দেশে নতুন প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বেইব্লেড এক্স। প্রতিযোগিতামূলক এই খেলাকে আরও বিস্তৃত করতে শুক্রবার বাংলাদেশ বেইব্লেড অর্গানাইজেশনের আয়োজনে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শপিংমল যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হয়েছে জাতীয় পর্যায়ের টুর্নামেন্ট। শপিংমলের লেভেল-৫ এ প্লেয়ার্স ক্লাবে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ অংশ নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করেন।

টুর্নামেন্টে আগত অতিথি ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান যমুনা বিল্ডার্সের পরিচালক (মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস) ড. মোহাম্মদ আলমগীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেইব্লেড অর্গানাইজেশনের সদস্য, প্রতিযোগী, অভিভাবক ও বিপুলসংখ্যক দর্শক।

ড. মোহাম্মদ আলমগীর আলম বলেন, বেইব্লেড শুধু একটি খেলা নয়, এটি তরুণদের মধ্যে সৃজনশীলতা, মনোযোগ, কৌশলগত চিন্তাভাবনা ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। যমুনা ফিউচার পার্ক সবসময় নতুন ও ব্যতিক্রমধর্মী আয়োজনকে উৎসাহিত করে। ভবিষ্যতেও এ ধরনের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তরুণদের জন্য ইতিবাচক প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আমরা আশাবাদী। এদিকে আয়োজকরা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে কয়েকজন উৎসাহী সদস্যকে নিয়ে বেইব্লেড অর্গানাইজেশনের যাত্রা শুরু হয়।

বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক বেইব্লেডপ্রেমী এ কমিউনিটির সঙ্গে যুক্ত রয়েছেন।