গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছের নিচে চাপা পড়ে অসিম (২৭) নামে আশ্রমের এক সেবায়েত নিহত হয়েছেন।

রবিবার (৫ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলার পাখরপাড় গ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে’ এ দুর্ঘটনা ঘটে। 

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক সুবির কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

অসিম বরিশালের আগৈলঝড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় ও আশ্রমের ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকালে আশ্রমের গাছ কাটা হচ্ছিল। এ সময় একটি বড় গাছ চারজন মিলে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে গাছটি ঘাড় থেকে ফেলার সময় সামনের তিনজন দ্রুত সরে যেতে সক্ষম হলেও অসিম সরতে না পারায় গাছের নিচে চাপা পড়েন। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে আশ্রমের অন্য সেবায়েতসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক সুবির কুমার জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।