রাজধানীর নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মো. আবুল বাশার বাদশাকে (৪৫) কুপিয়ে হত্যার ঘটনায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হলো।
রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
গ্রেফতার আসামির নাম পারভেজ (৩০)। তিনি মামলার দুই নম্বর আসামি। রোববার ভোরে কিশোরগঞ্জ সদরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-২ ও র্যাব-১৪।
নয়মুল হাসান জানান, জাপান এবং ব্রাজিলের মধ্যকার খেলা দেখাকে কেন্দ্র করে হত্যার ঘটনায় গত ৩ জুলাই মো. সুমন (২৫) ও মো. শহীদ (৫৯) নামের দুজনকে গ্রেফতার করে র্যাব। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানান, বাদশাকে ছুরিকাঘাত করেন পারভেজ। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পারভেজের অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পারভেজ ছাড়া অন্যরা হামলায় জড়িত থাকলেও ছুরিকাঘাত করেননি।
এর আগে শুক্রবার (৩ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, বাদশাকে ছুরিকাঘাত করেন রিপন নামের এক ব্যক্তি। যাকে এরই মধ্যে ডিবি গ্রেফতার করেছে। এসময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সুইস গিয়ার চাকু উদ্ধারের তথ্যও জানান তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী দুই বাহিনীর তথ্যে পার্থক্য থাকার কারণ জানতে চাইলে র্যাব-২ এর অধিনায়ক বলেন, ‘গ্রেফতারের পর পারভেজ আমাদের কাছে এই তথ্য জানিয়েছে। বিচারিক বিষয় আমাদের নয়। এ নিয়ে তদন্ত হবে। সেখানে আসল ঘটনা উঠে আসবে।’
এই ঘটনায় এর আগে দুজনকে গ্রেফতার করে র্যাব। এছাড়া পুলিশ ছয়জনকে গ্রেফতার করে।
কেআর/একিউএফ








